বালিকার সলিলকি
১
যে রাঙা বালিকার থেকে
শহর কেড়েছো তুমি,
তার হাতে লিখে দিই ঘুম।
ঘুম নিয়ে বালিকা শহর জাগিয়ে
রাখে।
পথে পথে বেদনার ধুলো,
হাঁসীর গলার মতো পেলব জীবন
বয়।
বালিকা দূর থেকে দেখে
আর আপন খেয়ালে ধুলো-মাটি মাখে।
২
শীতের অনাথ পাতাদের ভিড়
করে আসা দেখে
একটি আরো অনাথ বিকেল শ্বাস
নেয়।
তার চোখে ধোঁয়া-গন্ধ লেগে থাকে অক্লেশে,
ঠোঁটে ঠোঁটে রটে যায় বিরাগের
মাধুকরী।
এক শীত থেকে ভ্রমণ শেষ
হয়, শুরু হয় না কিছুই।
৩
অসমান আবেগ গুছিয়ে রাখো
এইবেলা।
দূরে দিন ছোটো হতে হতে,
তোমার ঠোঁটের তিল হয়ে
ওঠে।
এইদিকে কাশবন বেড়ে আসে
একা…
৪
বালিকার বুক থেকে ওম চুরি
করে দস্যুরা।
তুমি ছুরিতে শান দিয়ে
দিয়ে নামিয়ে নিলে?
৫
"ভোলাবই"
- এই মর্মে চিঠি আসে কোনোও।
আর "ভুলবই" বলে কেউ মনে রেখে দেয়।
৬
একটি অ-সুখের মতো ক্ষত,
সারাটি সন্ধ্যে বুকে লেগে
থাকে।
ভেজা মাটিতে আরো ক'টা ফোঁটা,
ঝরে পড়ে বেখেয়ালী চোখ
হয়ে।
তুমিও তো বয়স বাড়ার
অজুহাতে
মাটিতে ফিরে যাও না!

ভালো।
ReplyDeleteধন্যবাদ।
Delete