।। বাক্ ১৪৬ ।। কবিতা ।। নীলোৎপল গুপ্ত ।।

 

কুয়াশার সংজ্ঞার্থের দিকে

  

                     

 

 

    উত্থিত পক্ষীপুঞ্জে তাকে কিছুটা দেখেছি

    কিছুটা অংশ সে এভাবেই সায়াহ্নে রেখেছে

    বাকিটুকু কতটা হাওয়ার গর্ভে

    সে-কথা জানি না।

 

    ওগো গাছ, কথা বলো

    নৌকোর গলুই-ছোঁয়া জল --- অবিমিশ্র ধূলি

    কথা বলো

    শিমুলতলার দিকে চলে-যাওয়া ট্রেন---

    ছেঁড়া ঘুড়ি---অবলুপ্ত গান ---

    তোমরাও নিরুত্তর থেকো না

    দেখো আমি বাইশ ইস্টিশান পেরিয়ে এসে

    নিভন্ত বাতিস্তম্ভের পাশে রেখেছি নিশ্বাস।

 

    যে একদিন সমস্ত পালক গুটিয়ে নিয়ে

    চলে গেছে 

                        কুয়াশার সংজ্ঞার্থের দিকে

    প্রতিটা ব্যর্থ কবিতার অর্থ তারই কাছে

    জেনে নিতে হবে।

    কীভাবে ভুল ফুলের সম্মুখে

    প্রজাপতি মিথ্যে হয়ে যায়

    তার রীতি ও প্রকরণ---জৈববিদ্যা---

    একমাত্র তারই অধীগত।

 

    অফুরন্ত বিকেল সমস্ত রেলগুমটির পাশে 

    এভাবেই আমি প্রতীক্ষায় থাকবো।

    কলহাস্য, চূড়ান্ত গম্বুজ, উৎসবের ফানুস

    শুনে রাখো

    আর আমি কোনোদিন

    তোমাদের কাছে ফিরবো না।

 


1 comment: