।। বাক্ ১৪৬ ।। কবিতা ।। প্রণব রুদ্র ।।

 



সিজোফ্রেনিয়া  

 

লোভ ছিলো না বললে অপলাপই হবে বটে

স্বপ্ন তো ছিলোই ভালোবাসার মতো মন ও শরীরের

এর বেশি সমস্ত জীবনে অধিক প্রণয় প্রয়োজন ছিলো না 

অন্য কোন ফুলের সুবাসেরও।

 

কতিপয় নন্দন অন্ধকার রেখে দিয়ে বিছালো বাসর

তারপর লুকিয়ে রাখা মিথ্যার আগুন বেড়িয়ে পড়লো

কাগজে কলম রাখতেই জায়া-পতি সঙ্গ ঠোকরায় মাছরাঙা

অক্ষর বুঝিনি, আঁকড় বুঝিনি, বুঝিনি তারই বক্রতলে স্রোত!

 

দাদা, শেষমেশ নিদারুণ সত্যে পুড়ে যাচ্ছি আমি 

তোমাদের সুরক্ষার মান মূল্য দিতে

এক বোধহীন জীবভর কাঁধে এখন

রসহীন অনুর্বর ভূমি আর উন্মাদিনী তার মন।

 

কৃষ্ণগহ্বরের এতো শক্তি আলোকেও টেনে নেয় কোষে

মস্তিষ্কের কার্যগতি কর্মসম্পাদনে পরম্পরা বুনতে না জানলে

বিভাজন জেগে ওঠে ঘর-গৃহস্থালি-ওমে।

 

দিন শেষে পাখিরাও ফেরে নীড়ে, আমি- আমি কার টানে ফিরি গৃহে?

অগুণিত শূন্যতার ভীড়ে সহবাস মৃত্যু নিয়ে আছড়ে পড়ছে আর্তনাদ

আমার লেখার টেবিলে রইলো পড়ে খোলা-

রিক্ত অমিল অসুখী জীবনের উপন্যাস 

 

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment