।। বাক্ ১৪৬ ।। কবিতা ।। চন্দ্রাণী গোস্বামী ।।

 

ভালোবাসাজনিত শব্দগুচ্ছরা

এক


বিশ্বাস করতে ভালো লাগে, যথাযথ ছিল অনুরাগ
তবু নির্ভুলভাবে এগোতে গিয়ে পৌঁছে গেলাম বধ্যভূমিতে।
                               ঘাতক, এবার চোখ বেঁধে দাও
                               আঁচলে দাও গর্ভস্খলনের শোক।
বহুদিন কাঁদিনি সেভাবে
যেভাবে সনকা কেঁদেছিল, একদিন।

 

দুই

আঙুলে হৃদস্পন্দন চেয়েছি, এর বেশি তো বৈ নয়।
গাছের শরীরে লেগে থাকে যে প্রেমিক চড়াই
তাকে দু আঙুলে শস্য খুঁটে দিই--- দুই করতলে শূন্য থেকেই ভরে নিই অনর্গল জলের বয়ে যাওয়ার ধ্বনি ;
জল ঢালি তার মৃতকল্প ঠোঁটে।
এভাবে বিজন দুপুরে আকাঙ্ক্ষারা অসময়ের বাঁশি হয়ে ওঠে।

 

তিন


আসলে দুই একটা অলীক শব্দ।
শূন্য থেকে শুরু করে একেই থেকে যেতে হয়।
আমার নশ্বর ছায়ার কাছে খোঁজ নিতে আসে
যে পাখি, সে ও জানে দুই আসলে মারত্মক রকম
                          সংক্রমনজনিত হৃদয়ের অসুখ।


1 comment: