গুরু
নরম তাল শাঁশের মতো মেঘ। মেঘে মেঘে সাত্ত্বিক স্নেহরস
আরুণি'র শয়নসিদ্ধ নির্মাণ।
পাথরকুচি জীবন থেকে খারুশ নামে
উপাসক,
লজ্জাবতী গাছ।
সোঁদা প্রেম,
মাশরুম বাতাসে শিষ্যত্ব বিলি হয়!
অমৃত শব্দ নামে ঋতুহীন গুচ্ছ তারায় -
অহংভারী সেবাদাস।
লাজুক মহাকালে শরীর চুঁয়ে
শাদা শাদা বকফুল ,
শীষধানের মতো শুদ্ধ স্বর্ণকর্ণিকা।
মূর্তি বিভঙ্গে উঁকি মারা হাত। তালু'র
রেখায় ঈশ্বরের ভাগ্যান্বেষণ
মন্ত্রপূত রেকাবি।
জৈষ্ঠ্যিক বাঁধে উন্মুক্ত ফোয়ারা ছোটে,
দুরন্ত। নিরবধি
ফেনা - বিষ - গুরুদক্ষিণা।
উত্তোরনের গুলবাগে নিশিক্লান্ত উল্কাপতন
ইতি'র সমাহার।
আরুণি... উদ্দালক…

No comments:
Post a Comment