বিশ্বজিৎ অধিকারী
হারানো লেখাটি
মেহ্দি হাসানের সেই অল্পশ্রুত গান, তার—
পাতাঢাকা মিড়ের ছায়ায়
চুপচাপ বসে থাকে আমার লেখাটি।
গানটি হারিয়ে গেলে লেখাটি অন্তর্হিত
হয়
কখনো আবার যদি খুঁজেপেতে গানটিকে শুনি
আচমকা দেখা পাই তার।
উচুর শাখায় বসে মিটিমিটি হাসে,
কলমের ডগা তাকে ছুঁতেই পারে না
পড়ে থেকে নষ্ট হয় কাগজের সুদৃশ্য কফিন।
মেহ্দি সাহেবের সেই
গজলের সুরম্য বনে
রয়ে যায় না-লেখা লেখাটি,
ফুটফুটে হয়;
ক্রমশ বয়স্ক হই, অভিমান কমে কমে
আসে
একদিন অবাক হয়ে দেখি—
অনুগত লেখাদের মতো তার গায়ে
সময়ের ধুলোবালি নেই।

No comments:
Post a Comment