*বিচ্ছিন্ন পাখির মেরুদণ্ড
এই প্রস্থানের বাতাসগুলো
আদর করে রেখে দিয়েছি
প্রজাপতি সিন্দুকে
এতদিন অন্ধ হইনি কারণ একটাই
স্মৃতি দৃশ্যমান নয়
বোধাতীত সঙ্গীত শুধু
যার ভাষা কিছুটা বোঝা গেলেই
আচরণ করি এমন, যেনো এক ভিনদেশী
সুরের ভাষা যদিও টানে নির্বিশেষে!
আর যন্ত্রণা, মেজো সন্তানের মতো ডানপিটে
মায়ের বুকে লাকড়ি জ্বালিয়ে তাতেই পোহাবে শীত
অতিষ্ঠ জননীর মতো তারে শাসালে, সে আরো ব্যভিচারী
আমার মতো প্রেমিকারা পাঠায় বৃদ্ধাশ্রমের দাওয়াত!
এই উড়ে যাওয়াটুকুই
যত্নে রাখতে চাই
যেনো ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে
এই সিন্দুকের অমূল্য প্রজাপতি কোনটি
*সিক্সটি ডেইজ ইব ইল্যুশন
একটা প্রতারক পিঠে
চুমু খাচ্ছ যখন
হ্যাঁ, একটা প্রতারক পিঠ
যেনো সে পথটা ভুলছে নিজের তৈরির ইতিহাস
যে পথ ভুলেও দেখিনি, আয়নাদ্বন্দে
আর যে পথে ছুড়ে ফেলেছিলাম
স্বাধীন যৌনতা
সে হেটে আসছে মেরুদণ্ড দরজায়
চোখ খুলে তাকায়, দগ্ধা পাপোষে..
বলে, ধুলো ঝরার সময় এলো
আর আমারই অনুপস্থিতিতে যেন
আদর করছো আমাকে, সঙ্গীতময়
এই পিঠটা আমার থেকে আলাদা হওয়া নারীত্ব ও প্রেমের
চিঠিবাক্স
প্রতারক পিঠ,
চুমুর কারিগরের দিকে যাচ্ছে বিশ্বস্ত প্যারেড নিয়ে...

No comments:
Post a Comment